11/06/2024
মাঝে মাঝে মনেহয় শিল্পী হুমায়ূন ফরীদির চেয়ে ব্যক্তি হুমায়ূন ফরীদি ছিলেন অনেক অনেক বড় মাপের মানুষ।ফরীদি ভাই ছিলেন খেয়ালী মানুষ। অসাধারণ অভিনয় গুনের সাথে তার ছিল বিশাল একটা মন। এই ছবিটা তার ই প্রমাণ বহন করে। তারিখটা ছিল ১১/০১/১৯৯০, যাচ্ছিলেন রাজবাড়ীতে, ঢাকা থিয়েটারের মুনতাসীর ফ্যান্টাসী নাটক মঞ্চায়ন করতে। কিছুদিন আগে বিটিভিতে সংশপ্তক নাটক প্রচারের পর সংশপ্তক যতটা না হিট তার চেয়ে বেশী হিট রমজান চরিত্রটি। রমজান চরিত্রে অভিনয় করেছিলেন ফরীদি ভাই। সবার মুখে মুখে রমজানের সংলাপ। বের হলো ভিউকার্ড। ভিউকার্ডে ফেরদৌসী মজুমদার আর ফরীদি ভাইয়ের ছবি । রমজান আর হুরমতি চরিত্রে অভিনয় করেছিলেন তারা দুজন। যাচ্ছে লঞ্চে। হঠাৎ ফরীদি ভাই দেখলেন এক সিগারেটওয়ালার সিগারেটের ভ্রাম্যমান দোকানের সামনে কাঁচের ভিতরে ঐ ভিউ কার্ড। বিষয়টা খেয়াল করা মাত্র ফরীদি ভাই গেলেন ঐ সিগ্রেট ওয়ালার কাছে। আস্তে করে জিজ্ঞেস করলেন, এই ভিউকার্ড টা সামনে রেখেছেন কেন ? উত্তর - আমার ইচ্ছা তাই রাখছি। আপনি চেনেন এই দুইজন কে ? হ , চিনি, রমজান আর হুরমতি। আপনে আমারে আপনার বাক্সটা নিয়া একটা ছবি তুলতে দিবেন ? উত্তর - হ, দিমুনা ক্যা ? লন- তোলেন। ফরীদি ভাই বাক্সটা গলায় ঝুলিয়ে ছবি তুললেন। ছবিটা তুলেছিলেন ঢাকা থিয়েটারের কর্মী এবং বিশিষ্ট শিল্পী প্রয়াতঃ রেজাউল হায়দার। সিগ্রেট ওয়ালার নির্বিকার ভাব দেখে আস্তে করে ফরীদি ভাই জিজ্ঞেস করলেন, আমাকে চিনতে পারছেন ? সিগ্রেটওয়ালা মুখে কিছু না বলে তর্জনী দিয়ে ভিউকার্ডটা তে ফরীদি ভাইয়েরছবিটা দেখিয়ে দিলেন। সবাই একটু আশ্চর্য্য হলো তার নির্বিকার ভাব দেখে। ফরীদি ভাই আস্তে করে বললেন - একটা ক্যারেক্টার !!
© Ahsan Tapash